মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও হেরোইন উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নাটোর সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে নাটোর সদর থানাধীন তোকিয়া গ্রামীণ টাওয়ারের পূর্ব পাশে রাজশাহী-নাটোর মহাসড়কের পশ্চিম পার্শ্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় নাটোরগামী একটি নম্বরবিহীন ব্যাটারিচালিত অটোরিকশার সিটে বসা এক নারীকে সন্দেহজনক মনে হলে তার দেহ তল্লাশি করা হয়।
তল্লাশিকালে ওই নারীর ডান হাতে থাকা দারুচিনি রঙের একটি লেদারের পার্স ব্যাগের ভেতর থেকে ৩টি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেটে মোট ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন ৬০ গ্রাম। এছাড়াও একই পার্সের ভেতর থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির নাম মোছাঃ মর্জিনা বেগম (৪৫)। তিনি রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার মুরশইল ঈদগাহ মাঠ এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মাদক পরিবহন ও বিক্রয়ের সঙ্গে জড়িত বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ধারণা করছেন।
নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবা ও হেরোইনসহ ওই নারীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক রীফা রাওনাক নীতু বলেন, “মাদক নির্মূলের লক্ষ্যে নাটোর জেলায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। মাদক সমাজ ও যুবসমাজের জন্য মারাত্মক হুমকি। তাই মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালন করতে হবে।

আপনার মতামত লিখুন :