ঢাকা শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

নেত্রকোনায় ডিবি পুলিশের ওপর হামলা: স্বেচ্ছাসেবকদল নেতা বহিষ্কার

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৪:২৭ পিএম

নেত্রকোনায় ডিবি পুলিশের ওপর হামলা: স্বেচ্ছাসেবকদল নেতা বহিষ্কার

ছবি: সংগৃহীত

                                                                ছবি- বহিষ্কৃত মামুন মিয়া

নেত্রকোনার কলমাকান্দায় ডিবি পুলিশের ওপর হামলা ও মাদক- চোরাকারবার সংশ্লিষ্টতার অভিযোগে রংছাতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মামুন মিয়াকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে কলমাকান্দা  উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আজাদ ও সদস্যসচিব ইয়াসিন আরাফাত স্বাক্ষরিত চিঠিতে মামুনকে সংগঠন থেকে বহিস্কার করা হয়।

চোরাচালানকেন্দ্রিক বিশৃঙ্খলার অভিযোগে এক স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় তাঁর বিরুদ্ধে তিনটি পৃথক মামলা দায়ের করেছে পুলিশ।
এতে কারণ হিসেবে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ আনা হয়েছে মামুনের বিরুদ্ধে।

এ বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আজাদ বলেন, দলের শৃঙ্খলা ও রাজনৈতিক অবস্থান অক্ষুণ্ণ রাখতে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া মাত্র দলীয় সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী তেরোতোফা এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। এসময় চোরাকারবারিরা ডিবি পুলিশের সদস্যদের অবরুদ্ধ করে হামলা চালায়। এতে ডিবির উপপরিদর্শক আব্দুল জলিলসহ ছয় সদস্য আহত হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

ঘটনার পর অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করা হয়। এ সময় ৪৬ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা, পাঁচটি ভারতীয় গরু, ভারতীয় মদ, ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরবর্তীতে পুলিশ বাদী হয়ে হামলা, বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করে। মামলায় ৩৫ জনের নাম উল্লেখ এবং আরও ৪৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। তিনটি মামলার প্রতিটিতেই মামুন মিয়াকে দুই নম্বর আসামি করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

জেলা পুলিশ মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম জানান, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
 

বর্তমান বাংলাদেশ

Link copied!