ঢাকা শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

হাওরে ফসলরক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম সহ্য করা হবে না-পানিসম্পদমন্ত্রী

বর্তমান বাংলাদেশ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৪:৩৪ পিএম

হাওরে ফসলরক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম সহ্য করা হবে না-পানিসম্পদমন্ত্রী

ছবি: বর্তমান বাংলাদেশ।

হাওরাঞ্চল প্রতিবেদক

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, হাওরের ফসল রক্ষা বাঁধ গুলোতে কেউ যেন দুর্নীতি করতে না পারে, এজন্য সরকার সর্বোচ্চ সর্তক অবস্থানে রয়েছে। বাঁধ নির্মাণ কাজে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।

আজ শুক্রবার  দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চন্দ্রসোনারতাল হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিগত সময়ে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনেক দুর্নীতি অনিয়ম হয়েছে। এটা যাতে ভবিষ্যতে না হয় সেই জন্য আমরা জিরো টলারেন্সে নিয়ে আসার চেষ্টা করছি।

মন্ত্রী বলেন ‘আমরা পাহারাদারের ভূমিকায় অবতীর্ণ হয়ে হাওরের ফসলরক্ষা বাঁধের প্রকল্পগুলো বাস্তবায়নে কাজ করবো।’ 
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী সার্বক্ষণিক এ হাওরাঞ্চলের মানুষ ও কৃষকদের খোঁজ খবর রাখছেন।
তাঁর নির্দেশে আজকে আমি হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শনে এসেছি।

তিনি বলেন, ‘খাল খনন, নদী খনন কিংবা বাঁধ নির্মাণ এ কাজগুলো করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। সুতরাং এই প্রকল্পগুলোতে কেউ যাতে দুর্নীতি করতে না পারে সেই জন্য সরকার সর্তক অবস্থানে রয়েছে এবং আমরা পাহারাদারের ভূমিকায় অবতীর্ণ হয়ে এই কাজগুলো বাস্তবায়ন করবো।’

তিনি আরও বলেন, ‘হাওরের ফসল রক্ষায় বাঁধ খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প। এ প্রকল্পটি পানিসম্পদ মন্ত্রণালয় সরাসরি তদারকি করে। ফলে বাঁধ নির্মাণ যাতে প্রতি বছর সুন্দর ও দুর্নীতিমুক্ত হয় সেই দিকে সরকারের সবচেয়ে বেশি নজরদারি থাকবে।’

এসময় সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন ও সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।

বর্তমান বাংলাদেশ

Link copied!