খুলনায় ঝরে পড়া শিশুদের আবারও বিদ্যালয়ের পথে ফিরিয়ে আনতে মানবিক উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। তাদের উদ্যোগে ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে নগরীর বিআইএম ভবনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-১ এর আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার এবং সঞ্চালনা করেন সিনিয়র প্রোগ্রাম অফিসার বিকাশ বিশ্বাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সদর থানা শিক্ষা অফিসার মো. শাহজাহান। এছাড়া উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার মো. তহিদুল ইসলাম এবং জুনিয়র প্রোগ্রাম অফিসার রোজলিন মিতু কোড়াইয়া।
বক্তারা বলেন, অনেক শিশু দারিদ্র্য, পারিবারিক সংকট ও সামাজিক বাস্তবতার কারণে লেখাপড়া থেকে ছিটকে পড়ে। এসব শিশুদের আবার শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনা শুধু একটি প্রকল্প নয়, বরং তাদের জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেওয়ার একটি মানবিক প্রচেষ্টা।
উল্লেখ্য, খুলনায় ঝরে পড়া শিশুদের নিয়ে কাজ করার অনুমতি পাওয়ার পর ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মহানগরীর ১ থেকে ১৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জরিপ পরিচালনা করে। প্রাথমিকভাবে প্রায় অর্ধশত ঝরে পড়া শিশুর তালিকা তৈরি করা হয় এবং তাদের বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করা হয়। এ কাজে প্রাথমিক শিক্ষা অফিস, শিক্ষকবৃন্দ এবং ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ সহযোগিতা করেন।
অনুষ্ঠানের শেষে শিশুদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হলে তাদের চোখেমুখে দেখা যায় নতুন স্বপ্নের ঝিলিক। সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগ ঝরে পড়া শিশুদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে এবং তাদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন :