ঢাকা শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

শ্রীমঙ্গলে ঘরের সিলিংয়ে বিশাল অজগর, উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৬:৪৭ পিএম

শ্রীমঙ্গলে ঘরের সিলিংয়ে বিশাল অজগর, উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর

ছবি: বর্তমান বাংলাদেশ।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উঁচাপুল এলাকার মজিদ মঞ্জিল নামক একটি বাড়ির ঘরের সিলিংয়ের ভিতরে হঠাৎ করে একটি বিশাল আকৃতির অজগর সাপ দেখা যায়।
বৃহস্পতিবার সাপটি দেখতে পেয়ে ঘরের লোকজন আতঙ্কিত হয়ে দ্রুত বাইরে বেরিয়ে যান। চিৎকার-চেচামেচিতে আশপাশের এলাকাবাসী জড়ো হন এবং প্রথমে সাপটিকে মারার প্রস্তুতি নেন।
এ সময় উপস্থিত এক সচেতন ব্যক্তি মুঠোফোনে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন খবর দেন। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। উদ্ধারকৃত অজগরটির দৈর্ঘ্য প্রায় ১০-১২ ফুট বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে সিলিংয়ের ফাঁক দিয়ে বিশাল এক অজগর সাপ দেখতে পান তারা। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়লে আশপাশের মানুষ ভিড় জমায়।
উদ্ধারকাজ শেষে ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকাবাসীর উদ্দেশ্যে অনুরোধ জানানো হয়, ভবিষ্যতে কোনো বন্যপ্রাণী দেখলে আতঙ্কিত হয়ে হত্যা না করে বন বিভাগ বা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেওয়ার জন্য।
পরে উদ্ধারকৃত অজগর সাপটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও সচেতনতার কারণে একটি বন্যপ্রাণীর প্রাণ রক্ষা পেয়েছে।
বন বিভাগের কর্মকর্তারা জানান, এটি একটি অজগর প্রজাতির সাপ, যা সাধারণত পাহাড়ি ও বনাঞ্চল এলাকায় বসবাস করে। খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসতে পারে। সাপটি সুস্থ রয়েছে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে নিরাপদ বনাঞ্চলে অবমুক্ত করা হবে।

বর্তমান বাংলাদেশ

Link copied!