পবিত্র মাহে রমজান উপলক্ষে নওগাঁয় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) পবিত্র ০৭ রমজান শহরের বই পট্টিস্থ আয়োজন রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করে ব্যাংকার্স ক্লাব, নওগাঁ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাখাওয়াত হোসেন, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক, বগুড়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। রোজা মানুষকে ধৈর্যশীল ও মানবিক হতে শিক্ষা দেয়। তিনি ব্যাংকিং খাতে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এতে নওগাঁ জেলার বিভিন্ন ব্যাংকের জোনাল হেড, বগুড়া ব্যাংকার্স ক্লাবের সাধারণ সম্পাদক, বিভিন্ন ব্যাংকের জোনাল প্রধান, সোনালী ব্যাংক বগুড়ার জিএমসহ নওগাঁর বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
ইফতারের আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় কোরআনের আয়াত—“হে ঈমানদারগণ! তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে” (সূরা বাকারা-১৮৩)—পাঠ করা হয়। পরে দেশ, জাতি ও ব্যাংকিং খাতের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
দোয়া শেষে অতিথিরা ইফতারে অংশ নেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

আপনার মতামত লিখুন :