ঝালকাঠিতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ‘ঝালকাঠি রিপোর্টার্স ক্লাব’। আত্মপ্রকাশ উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও সুধীজনের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক বর্তমান বাংলার স্টাফ রিপোর্টার অ্যাডভোকেট মো. মিজানুর রহমান মুবিন এবং সঞ্চালনা করেন দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি ও উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ঝালকাঠি বার্তার সম্পাদক মো. মাহবুবুল আলম, দৈনিক গাউছিয়ার সম্পাদক অলোক সাহা এবং দৈনিক জনগণের সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট সাকিনা আলম লিজা।
স্বাগত বক্তব্যে অ্যাডভোকেট মো. মিজানুর রহমান মুবিন বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা, পেশাগত মর্যাদা রক্ষা এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য জোরদারের লক্ষ্যেই এ সংগঠনের আত্মপ্রকাশ। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় আরও বক্তব্য রাখেন দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি ও সহকারী অধ্যাপক মেজবাহ উদ্দিন খান রতন, নিউজ দিগন্তের একেএম মঞ্জুরুল হক, দৈনিক সারাবাংলার জেলা প্রতিনিধি অ্যাডভোকেট গোলাম মাওলা শান্ত, বরিশাল ক্রাইমের সর্দার সাফায়েত হোসেন, দৈনিক জনবানীর জেলা প্রতিনিধি বাবুল মিনা, দৈনিক শাহানামার জেলা প্রতিনিধি এইচ এম সিজার এবং সাংবাদিক দিবস তালুকদারসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, একটি শক্তিশালী ও পেশাদার সাংবাদিক সংগঠন গড়ে তুলতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা জরুরি। তারা ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের সফলতা কামনা করেন।
অনুষ্ঠানের একপর্যায়ে ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত সদস্যরা সাংবাদিকতার নীতি-নৈতিকতা সমুন্নত রেখে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও সাংবাদিক সমাজের মঙ্গল কামনা করা হয়। পরে অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ঝালকাঠি রিপোর্টার্স ক্লাব ভবিষ্যতে স্থানীয় গণমাধ্যমে ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা পালন করবে।

আপনার মতামত লিখুন :