নাটোরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তিন কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে শহরের মাদ্রাসা মোড় এলাকায় যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর জেলা কার্যালয়ের একটি চৌকস টিম শহরের মাদ্রাসা মোড় এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন হিসেবে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে বাসে থাকা যশোর জেলার অভয়নগর থানার নওয়াপাড়া পৌর এলাকার বাসিন্দা লিটন শেখ ও তার স্ত্রী নাজনীন আক্তারের আচরণ সন্দেহজনক মনে হলে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হয়। পরে ব্যাগের ভেতর থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই তাদের আটক করা হয়।
এ ঘটনায় নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. আশাদুর রহমান বাদী হয়ে নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলার পর আটক স্বামী-স্ত্রীকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।
নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে যাত্রীবাহী বাস থেকে তিন কেজি গাঁজাসহ এক স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রীফা রাওনাক নীতু বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করা হচ্ছে। জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে এবং গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি আরও বলেন, সমাজকে মাদকমুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ মাদক সংক্রান্ত কোনো তথ্য পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, নাটোর জেলাকে মাদকমুক্ত রাখতে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

আপনার মতামত লিখুন :