ঢাকা রবিবার, ০১ মার্চ, ২০২৬

নওগাঁয় গৃহবধূকে পিটিয়ে হত্যা; স্বামী আটক

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৯:১৫ পিএম

নওগাঁয় গৃহবধূকে পিটিয়ে হত্যা; স্বামী আটক

ছবি বর্তমান বাংলাদেশ

 নওগাঁর পত্নীতলা উপজেলায় প্রতিমা রাণী (২৪) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার নজিপুর ইউনিয়নের উজিরপুর চৌধুরীপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের স্বামী প্রদীপ চৌধুরী (৩৭)কে আটক করেছে পুলিশ। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল তাদের মধ্যে। শুক্রবার রাতের কোনো এক সময়ে রুটি বানানোর বেলুন দিয়ে স্ত্রীর কপালে আঘাত করেন প্রদীপ। আঘাতে প্রতিমা রাণী অচেতন হয়ে বিছানায় পড়ে যান। অভিযোগ রয়েছে, ওই অবস্থাতেই রাত কাটান স্বামী। সকালে উঠে স্ত্রীকে মৃত অবস্থায় দেখতে পান তিনি। পরে বাড়ি ছেড়ে পাশের একটি শ্মশানঘাটে চলে যান।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পত্নীতলা থানা পুলিশর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, নিহতের বাবা নরেশ চৌধুরী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্ত প্রদীপ চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

বর্তমান বাংলাদেশ

Link copied!