ঢাকা বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

নওগাঁয় ট্রাক্টর/পাওয়ার টিলার চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৪ পাওয়ার টিলার ও পিকআপ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ১১:৪৩ এএম

নওগাঁয় ট্রাক্টর/পাওয়ার টিলার চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৪ পাওয়ার টিলার ও পিকআপ

ছবি: বর্তমান বাংলাদেশ।

নওগাঁর মান্দা উপজেলায় ট্রাক্টর ও পাওয়ার টিলার চুরির ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে চারটি পাওয়ার টিলার ও একটি মিনি পিকআপ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আন্তজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, সম্প্রতি নওগাঁ জেলার মান্দা থানা এলাকায় একাধিক ট্রাক্টর ও পাওয়ার টিলার চুরির অভিযোগ পাওয়া যায়। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামর নির্দেশনায় বিশেষ টিম গঠন করা হয়। টিমে নেতৃত্ব দেন মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওন। এছাড়া মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মাসুদ রানা ও ওসি (তদন্ত) আব্দুল গণী অভিযানে অংশ নেন।

তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে মো. ফারুক হোসেন (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী মহাদেবপুর উপজেলার শালবাড়ি গ্রামে অভিযান চালিয়ে মো. মিলন হোসেন (৫০) নামে আরেক সদস্যকে আটক করা হয়। তার হেফাজত থেকে একটি চোরাই পাওয়ার টিলার উদ্ধার করা হয়।

পরে দুই আসামিকে জিজ্ঞাসাবাদে আরও কয়েকটি চুরির তথ্য পাওয়া যায়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৭ ফেব্রুয়ারি দিনব্যাপী অভিযান চালিয়ে আসামিদের দেখানো স্থান থেকে আরও তিনটি পাওয়ার টিলার উদ্ধার করা হয়। একই সঙ্গে চোরাই মালামাল পরিবহনে ব্যবহৃত একটি মিনি পিকআপ জব্দ করা হয়েছে।

পাওয়ার টিলার চুরির ঘটনায় দায়ের করা মামলার দুই বাদী রহিদুল ইসলাম ও জয়নুল ইসলাম বিশ্বাস উদ্ধার অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। তারা দ্রুত মালামাল উদ্ধারে পুলিশের ভূমিকাকে ইতিবাচক বলে মন্তব্য করেন।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জেলায় অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সক্রিয় রয়েছে। অপরাধ দমনে জনগণের সহযোগিতা প্রয়োজন। সন্দেহজনক তথ্য থাকলে পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।

বর্তমান বাংলাদেশ

Link copied!