ঢাকা শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬

নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১০:৩৪ পিএম

নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন

ছবি: সংগৃহীত

 বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে জানা গেছে, নওগাঁ-৪ (মান্দা) আসনের পোস্টাল ভোটসহ মোট ১১৮টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকে ডা. ইকরামুল বারী টিপু ১ লাখ ৩৩ হাজার ৯২৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দল সমর্থিত ঐক্যজোট প্রার্থী খন্দকার মুহা. আব্দুর রাকিব (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৯৭ হাজার ৫৫৮ ভোট।
এছাড়া ডা. এস এম ফজলুর রহমান (কাস্তে) পেয়েছেন ২ হাজার ৩১৩ ভোট, আলতাফ হোসেন (লাঙ্গল) ১ হাজার ৩২৭ ভোট, আরফানা বেগম ফেন্সি (কলস) ৭১২ ভোট এবং সোহরাব হোসাইন (হাতপাখা) পেয়েছেন ৬০৯ ভোট। এ আসনে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নওগাঁ-৪ আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৮৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৫ হাজার ৬৪৪ জন, নারী ১ লাখ ৬৮ হাজার ২১২ জন এবং হিজড়া ভোটার ৪ জন।
সংসদ নির্বাচনে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৩৬ হাজার ৪৭০টি। বাতিল হয়েছে ৫ হাজার ৩৭৮টি ভোট। সর্বমোট প্রদত্ত ভোট ২ লাখ ৪১ হাজার ৮৪৮টি। ভোটের হার ৭০ দশমিক ৪৪ শতাংশ (ঘোষিত তথ্যানুযায়ী)।
অন্যদিকে, একই সঙ্গে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৪৩ হাজার ২৭৬টি এবং ‘না’ ভোট ৬৮ হাজার ৩৯৩টি। গণভোটে মোট বৈধ ভোট ২ লাখ ১১ হাজার ৬৬৯টি, বাতিল ভোট ৩১ হাজার ৭৭১টি এবং সর্বমোট প্রদত্ত ভোট ২ লাখ ৪৩ হাজার ৪৪০টি।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দীর্ঘদিন উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা এবং সাংগঠনিক তৎপরতা ডা. ইকরামুল বারী টিপুর বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বর্তমান বাংলাদেশ

Link copied!