কমলগঞ্জ পৌর শহরের ভানুগাছ রেলওয়ে স্টেশন সংলগ্ন রেলক্রসিংয়ের সড়কের পাশ থেকে ৯টি আকাশমনি গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতের কোনো এক সময় গাছগুলো কেটে নেওয়া হয়।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কেটে নেওয়া গাছের খণ্ডাংশ পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের কুমড়াকাপন গ্রামের মহসিন মিয়া ও মহিউদ্দিনের বাড়ি থেকে উদ্ধার করে স্থানীয় বন বিভাগ। উদ্ধার করা গাছগুলো ছোট-বড় মিলিয়ে প্রায় ২০ টুকরো ছিল বলে জানা গেছে।
বন বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে রেলওয়ে স্টেশন এলাকার সড়কের পাশ থেকে গাছগুলো কেটে নেওয়া হয়। পরে খবর পেয়ে বন বিভাগের লোকজন অভিযান চালিয়ে গাছগুলো উদ্ধার করে কার্যালয়ে নিয়ে আসেন।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় প্রায়ই বনের গাছ চুরি হয়। তবে বন বিভাগের তৎপরতা সবসময় চোখে পড়ে না। এবার রাস্তার পাশের সৌন্দর্যবর্ধনকারী গাছ কেটে নেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুমন আলী বলেন, বৃহস্পতিবার রাতে গাছগুলো কেটে নেওয়া হয়। শুক্রবার সন্ধ্যায় বন বিভাগ অভিযান চালিয়ে গাছ উদ্ধার করে। উদ্ধার অভিযানে তিনি সহযোগিতা করেছেন বলেও জানান।
পৌরসভার সাবেক কাউন্সিলর আহাদুর রহমান বুলু বলেন, “রাস্তার পাশের গাছ প্রায়ই চুরি হওয়ার খবর পাই। এবার আমার নির্বাচনী এলাকা থেকে ৯টি গাছ কেটে নেওয়া হয়েছে। বন বিভাগ গাছ উদ্ধার করেছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে কমলগঞ্জ রাজকান্দি রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) প্রীতম বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাছগুলো উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন :