ঢাকা রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

নীলফামারী-৩ (জলঢাকা) আসনে ১৯,৮৭৯ ভোটের ব্যবধানে জামায়াত প্রার্থীর জয়

আসাদুজ্জামান (জলঢাকা) নীলফামারী

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৯:১০ পিএম

নীলফামারী-৩ (জলঢাকা) আসনে ১৯,৮৭৯ ভোটের ব্যবধানে জামায়াত প্রার্থীর জয়

ছবি: বর্তমান বাংলাদেশ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৩ (জলঢাকা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফি দাড়িপাল্লা প্রতীকে ১৯ হাজার ৮৭৯ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ভোটগ্রহণ ও গণনা শেষে সন্ধ্যার পর কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা করা হয়।

সরকারি ফলাফল অনুযায়ী, বিজয়ী প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফি পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৬৮৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ সৈয়দ আলী পেয়েছেন ৮৯ হাজার ৮০৭ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আমজাদ হোসেন সরকার পেয়েছেন ৯৯০ ভোট এবং জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী রোহান চৌধুরী পেয়েছেন ৩ হাজার ৩৯১ ভোট।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১০৫টি। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৪৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৯ হাজার ৮৭৮ জন, নারী ভোটার ১ লাখ ৪৪ হাজার ৫৬৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন। মোট প্রদত্ত ভোট ছিল ২ লাখ ৩ হাজার ৮৭৪টি এবং বাতিল ভোটের সংখ্যা ৩ হাজার ৮০৮টি।

গুরুত্বপূর্ণ এই আসনে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা হলে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে আনন্দের উচ্ছ্বাস দেখা যায়।

বিজয় ঘোষণার পর জলঢাকা উপজেলা ছাত্রশিবিরের সাবেক থানা সভাপতির পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় সাবেক সভাপতি মিজানুর রহমান বলেন, “এই বিজয় কোনো ব্যক্তি বা দলের একার অর্জন নয়; এটি জলঢাকার সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। দীর্ঘদিন ধরে মানুষ যে সুশাসন, ন্যায়বিচার ও উন্নয়নের প্রত্যাশা করে আসছিলেন, আজকের ফলাফল সেই প্রত্যাশারই বহিঃপ্রকাশ।”

তিনি আরও বলেন, জনগণের দেওয়া এই ম্যান্ডেটকে আমানত হিসেবে গ্রহণ করে নবনির্বাচিত সংসদ সদস্য এলাকার অবহেলিত জনপদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবেন বলে আমরা বিশ্বাস করি। দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ, বৈষম্যহীন ও উন্নয়নমুখী জলঢাকা গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে।

এদিকে, নির্বাচনের ফলাফল ঘোষণার পর এলাকায় সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত রেখেছে।

বর্তমান বাংলাদেশ

Link copied!