ঢাকা রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

কিশোরগঞ্জ-২ আসনে বিজয়ী হয়ে প্রতিদ্বন্দ্বীর বাড়িতে বিএনপি প্রার্থী জালাল, সম্প্রীতির বার্তা

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১০:৩৭ এএম

কিশোরগঞ্জ-২ আসনে বিজয়ী হয়ে প্রতিদ্বন্দ্বীর বাড়িতে বিএনপি প্রার্থী জালাল, সম্প্রীতির বার্তা

ছবি: বর্তমান বাংলাদেশ।

কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনে বিজয়ী হওয়ার পর প্রতিদ্বন্দ্বীর বাড়িতে গিয়ে সম্প্রীতির নজির স্থাপন করেছেন অ্যাডভোকেট জালাল উদ্দিন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে তিনি জেলার কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নে নিজ বাসভবনে থাকা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শফিকুল ইসলাম মোড়ল জামায়াতে প্রার্থীর বাড়িতে যান।

নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হওয়া জালাল উদ্দিন এসময় বলেন, নির্বাচনে জয়-পরাজয় থাকবেই, তবে জনগণের সিদ্ধান্ত সবাইকে মেনে নিতে হবে। তিনি পাকুন্দিয়া-কটিয়াদীর সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পূর্বে পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, “আগে যেভাবে উন্নয়ন করেছি, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ আসনের উন্নয়নে কাজ করতে চাই।

এসময় উপস্থিত ছিলেন জামায়াতের প্রার্থী। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ফুলের মালা দিয়ে তাকে শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা জানিয়ে জামায়াত প্রার্থী বলেন, “আমাদের দুজনের কাছেই মানুষের প্রত্যাশা আছে। আমরা সম্প্রীতির বাংলাদেশ চাই। আগামী দিনে এলাকার উন্নয়নমূলক বিষয়ে আপনার কাছে সহযোগিতা চাইবো।

এর আগে ১৭১টি কেন্দ্রের ফলাফল গণনা শেষে চূড়ান্ত ফল ঘোষণা করা হয়। এতে জালাল উদ্দিন পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৬৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মো. শফিকুল ইসলাম মোড়ল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৯৭৫ ভোট।

ফলাফল ঘোষণার পর প্রতিদ্বন্দ্বীর বাড়িতে গিয়ে শুভেচ্ছা বিনিময়ের এ ঘটনাকে এলাকায় ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয়রা।

বর্তমান বাংলাদেশ

Link copied!