ঢাকা শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নাটোরে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৯:৪০ এএম

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নাটোরে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল

ছবি: বর্তমান বাংলাদেশ।

নাটোর জেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে। ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনারের বেদি, চারদিকে ধ্বনিত হয় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’—এর আবেগঘন সুর।
রাত ১২টা ১ মিনিটে শহরের কানাইখালী মিনি স্টেডিয়াম মাঠে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথম পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক আসমা শাহীন। তাঁর সঙ্গে ছিলেন জেলা পুলিশ সুপার আব্দুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক ও নাটোর পৌরসভার পৌর প্রশাসক আবুল হায়াতসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এরপর পর্যায়ক্রমে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, জেলা বিএনপি, জেলা জামায়াত, নাটোর প্রেসক্লাব, ইউনাইটেড প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, স্বাস্থ্য বিভাগসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা পুষ্পস্তবক অর্পণ করেন। স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ মানুষও ফুলের ডালা হাতে শহীদ মিনারে এসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। রাত বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতি আরও বৃদ্ধি পায় এবং শহীদ মিনার প্রাঙ্গণ আবেগঘন মিলনমেলায় পরিণত হয়।
শ্রদ্ধা নিবেদনের সময় ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। অনেকে কালো ব্যাজ ধারণ করে দিবসের তাৎপর্য স্মরণ করেন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহীদদের প্রতিকৃতি ও ব্যানার নিয়ে প্রভাতফেরিতে অংশ নেয়।
নিরাপত্তা নিশ্চিতে শহীদ মিনার এলাকায় কঠোর ব্যবস্থা গ্রহণ করে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন, যাতে শান্তিপূর্ণভাবে শ্রদ্ধা নিবেদন সম্পন্ন হয়।
অন্যদিকে সিংড়া উপজেলা শহীদ মিনারেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়। সেখানে সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ার হোসেন আনু উপজেলা প্রশাসনের সঙ্গে পুষ্পস্তবক অর্পণ করেন। গুরুদাসপুর উপজেলা শহীদ মিনারেও দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য আব্দুল আজিজ। উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সেখানে অংশ নেন।
এছাড়া নলডাঙ্গা উপজেলায় উপজেলা চত্বরে অবস্থিত শহীদ মিনারে দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল এমরান খাঁন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নলডাঙ্গা পৌরসভার পৌর প্রশাসক মো. আশিকুর রহমান, উপজেলা কৃষি অফিসার মোঃ সবুজ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ হাসিবুল হাসান,নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরে আলমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের স্মৃতিকে অম্লান রাখতে এবং মাতৃভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে নাটোর জুড়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রভাতফেরি, আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী মহান একুশে ফেব্রুয়ারি পালন করা হয়।

বর্তমান বাংলাদেশ

Link copied!