ছবি- স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন আহতরা
নেত্রকোনার মোহনগঞ্জে পূর্ব-বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে চার নারীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
তাদের মধ্যে আশংকাজনক অবস্থায় সোলেমা আক্তার (২৫), সেলিম মিয়া (৪০), খোকন মিয়া (৪৫), সোহেল মিয়া (৪০), শামীম মিয়া (২৩) নামে ৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়া বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ রোববার দুপুরে উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের কচুয়ারচর গ্রামের এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কচুয়ারচর
গ্রামের সোহেল মিয়া ও তার চাচাতো ভাই জুলহাস মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবত পৈত্রিক জমিজমির ভাগবাটোয়ারাসহ বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছিল। আজ দুপুরে সোহেল মিয়া তার লোকজনদের নিয়ে বাড়ির পাশের বিরোধপূর্ণ একটি জমিতে গিয়ে ওই জমির আইল কাটা শুরু করেন। পরে খবর পেয়ে জুলহাস মিয়া ও তার লোকজন গিয়ে বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে ধারালো অস্ত্র ও লাঠিসোটার আঘাতে উভয় পক্ষের ৪ নারীসহ কমপক্ষে ১৫ জন গুরুতর আহত হন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এলাকাবাসী। প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত পাঁচজনকে মমেক হাসাপাতালে পাঠানো হয়। বাকিরা সেখানে ভর্তি থেকেই চিকিৎসা নিচ্ছেন।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :