হাওরাঞ্চল প্রতিবেদক
নেত্রকোনার মোহনগঞ্জ-গাগলাজুর সড়কের তেতুলিয়া থেকে গাগলাজুর বাজার পর্যন্ত রাস্তার পূনঃনির্মাণ কাজে ধীরগতির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
রবিবার দুপুরে উপজেলার গাগলাজুর ও তেতুলিয়া এই দুই ইউনিয়নবাসী উদ্যোগে সড়কের নওগাঁ-নয়াপাড়ার মাঝামাঝি স্থানে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, গাগলাজুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুর্শেদ আলম রঞ্জুল, উপজেলা বিএনপি নেতা আমিরুল ইসলাম মাস্টার, লাট মিয়া, ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তপু, ছাত্রদল নেতা ইসহাক আহম্মেদ অন্তরসহ আরও অনেকেই।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, উপজেলার গাগলাজুর-তেতুলিয়া পর্যন্ত জনগুরুত্বপূর্ণ এ সড়কটি দিয়ে প্রতিদিন ওই দুইটি ইউনিয়নের লোকজন ছাড়াও আশপাশের কয়েকটি উপজেলার হাজার-হাজার লোক মোহনগঞ্জ হয়ে রাজধানী ঢাকাসহ সারা দেশে যাতায়াত করে আসছে। দীর্ঘদিন যাবত ভাঙা এ সড়ক দিয়ে যাতায়াতে জনদূর্ভোগ চরম আকার ধারন করে। এ অবস্থায় এলাকাবাসীর দীর্ঘদিনে দাবির প্রেক্ষিতে গত ২০২৪ সালে প্রায় ২৮ কোটি টাকা এলজিইডির অর্থায়নে ৭ কিলোমিটার সড়কের পূন-নির্মাণ কাজ শুরু করে ঠিকাদার। কিন্তু কাজের শুরু থেকেই ঠিকাদার নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে কাজ শুরু করে। আর জন্যে একাধিকবার এলাকাবাসীর তোপের মুখে পড়তে হয়েছে কাজের দায়িত্বে থাকা ঠিকাদারের লোকজনদেরকে। কিন্তু কাজের সময়সীমার প্রায় ৬ মাস পেরিয়ে গেলেও অর্ধেক কাজও এখনো শেষ করতে পারেনি ঠিকাদার।
বক্তারা আরো বলেন, হাওরের বোরো ফসল ঘরে তোলার আগে এ সড়কের কাজ সম্পন্ন করা না হলে এলাকার কৃষকদেরকে চরম ভোগান্তির শিকার হতে হবে। তাই অনতি বিলম্বে এ সড়কের নির্মাণ কাজ সম্পন্ন করা জোর দাবি জানান বক্তারা।
এ বিষয়ে নেত্রকোনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান বলেন,
“রাস্তাটির নির্মাণকাজ নিম্নমানের হচ্ছে, এ অভিযোগ সঠিক নয়। মূল সমস্যা হলো কাজ বর্তমানে বন্ধ আছে। ঠিকাদার প্রকাশ্যে আসতে পারছে না, তবে তিনি অন্য লোক দিয়ে কাজ করাচ্ছিলেন। নির্বাচনের আগে শ্রমিকরা চলে যাওয়ার পর এখন পর্যন্ত তারা কাজে ফেরেনি। আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগিদ দেওয়ার পাশাপাশি চিঠিও দিয়েছি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছি; যদি কাজ শুরু না হয়, তবে কার্যাদেশ বাতিলের দিকে এগোব।”
স্থানীয় এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, মোহনগঞ্জ-গাগলাজুর সড়কের তেঁতুলিয়া থেকে গাগলাজুর বাজার পর্যন্ত প্রায় সাড়ে ৭ কিলোমিটার ডুবো সড়কের প্রশস্থকরণ ও পুনর্নির্মাণ কাজে এলজিইডির ২৭ কোটি ৭৪ লাখ ৩১০০ টাকা অর্থায়নে গত বছরের ২৯ ফেব্রুয়ারি দরপত্র আহবান করা হয়। দরপত্র অনুযায়ী এমএস বিল্ডার্স নামে কুমিল্লার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজের দায়িত্ব পায়। ২০২৪ সালে ৩ জুলাই কাজ শুরু করে ২০২৫ সালের ২৪ সেপ্টেম্বরের মধ্যে নির্মাণ কাজ শেষ করার কথা। কিন্তু নির্ধারিত সময়ের ৬ মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো অর্ধেক কাজও শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠানটি।

আপনার মতামত লিখুন :