ঢাকা সোমবার, ০২ মার্চ, ২০২৬

কিশোরগঞ্জে বাজার মনিটরিং করলেন প্রতিমন্ত্রী শরিফুল আলম

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০৭:৩২ পিএম

কিশোরগঞ্জে বাজার মনিটরিং করলেন প্রতিমন্ত্রী শরিফুল আলম

ছবি বর্তমান বাংলাদেশ

কিশোরগঞ্জ  নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতি ও বাজার ব্যবস্থাপনা পর্যবেক্ষণে সরেজমিন মনিটরিং করেছেন শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরিফুল আলম।

আজ দুপুরে তিনি সফরসঙ্গীদের সঙ্গে নিয়ে জেলা শহরের ঐতিহ্যবাহী বড়বাজার তদারকি করেন।

মনিটরিংকালে প্রতিমন্ত্রী বিভিন্ন দোকান ঘুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যাচাই করেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। তিনি ভোক্তাদের স্বার্থ রক্ষায় নির্ধারিত মূল্যের তালিকা দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখার নির্দেশনা দেন। একই সঙ্গে অতিরিক্ত মূল্য আদায়, মজুতদারি ও কৃত্রিম সংকট সৃষ্টির বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এ সময় প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেন, আমরা যখন দায়িত্ব নিয়েছি এর দুইদিন পরে রমজান শুরু হয়েছে। স্বাভাবিকভাবে আমরা একটু কনসার্ন বেশি। আমরা যদি আগে থেকে কাজ করতে পারতাম, তাহলে বাজারের বিষয়ে আরো বেশি পদক্ষেপ নিতে পারতাম। বিগত পদক্ষেপের উপর ভর করেই আমরা এই কাজগুলো চালিয়ে যাচ্ছি। আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলেছি বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, আলহামদুলিল্লাহ তারা সবাই সন্তোষ প্রকাশ করেছে।

এ সময় মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে তিনি বলেন, জ্বালানির উপর নির্ভর অনেক কিছু। শিল্প উৎপাদন, বাজার পরিস্থিতি এগুলোতে কিছু এফেক্ট হতে পারে বাট আমরা সজাগ আছি, আমরা সকল পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং সরকার অত্যন্ত সজাগ এ ব্যাপারে। এ ব্যাপারে আমরা বিভিন্ন দপ্তর, মন্ত্রণালয় বিভিন্নভাবে যোগাযোগ রাখছি। দেখা যাক পরিস্থিতি কি দাঁড়ায়।

বাজার মনিটরিংয়ে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এড. জালাল উদ্দিন,  জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন সহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিমন্ত্রী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেন।

 

বর্তমান বাংলাদেশ

Link copied!