নেত্রকোনা -৩ আসনের ( কেন্দুয়া - আটপাড়া) কেন্দুয়ায় ধানের শীষ ও স্বতন্ত্র ঘোড়া প্রতীকের সমর্থকদের সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যেদুই জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক)পাঠানো হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে উপজেলার গড়াডোবা ইউনিয়নের গারাউন্দ গ্রামে এই ঘটনা হয়।
মমেকে পাঠানো দুইজন হচ্ছেন, গড়াডোবা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল হালিম ও ইউনিয়ন কৃষক দলের সদস্য মোনতাজ মিয়া। দুই জনের বাড়ি একই ইউনিয়নের দেওপাড়া গ্রামে। দুইজনই বিএনপির ধানের শীষের প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থক।
জানা গেছে, হালিম ও মোনতাজ স্থানীয় লোকজনকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য হুমকি দিচ্ছিলেন। পরে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে তাদের গণধোলাই দেয়।
স্থানীয়রা জানান, গারাউন্দ ও দেওপাড়া গ্রাম দুইটি পাশাপাশি অবস্থান। নির্বাচনের তফশিল ঘোষণার পর থেকেই দুই গ্রামের লোকজনই রাতে নির্বাচন নিয়ে আলাপ- আলোচনা করতেন। এর মধ্যেই গতকাল দিবাগত রাতে নির্বাচন নিয়ে যুবদল নেতা আব্দুল হালিম ও ঘোড়া প্রতীকের অনুসারি গারাউন্দ গ্রামের বাসিন্দা আলমগীর মিয়ার কথাবার্তার মাঝে তর্ক বাঁধে। এর জেরে এক পর্যায়ে ধানের শীষ ও ঘোড়া প্রতীকের অনুসারিরা সংঘর্ষে জড়ান। এসময় উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হন। দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় স্থানীয় তাদের উদ্ধার করে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বাকিরা স্থানীয় হাসপাতাল,ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
আজ বুধবার দুপুরে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী মাকসুদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে রাতেই পুলিশ পাঠানো হয়। তাছাড়া সেনা সদস্যরাও ঘটনাস্থলে যান।বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। থানায় কোন পক্ষই এখন পর্যন্ত লিখিত অভিযোগ দেয়নি।
ছবি-আহত আব্দুল হালিম ও মোনতাজ

আপনার মতামত লিখুন :