ঢাকা বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

সংসদ নির্বাচন-গণভোটে মৌলভীবাজারে র‌্যাবের ৮ টিম মাঠে-প্রেস ব্রিফিং

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৫:২০ পিএম

সংসদ নির্বাচন-গণভোটে মৌলভীবাজারে র‌্যাবের ৮ টিম মাঠে-প্রেস ব্রিফিং

ছবি: বর্তমান বাংলাদেশ।

ভোট কেন্দ্রে নিরাপত্তা ও নির্বাচনী শৃঙ্খলা নিশ্চিতে মৌলভীবাজারের চারটি আসনে র‌্যাবের ৮টি টহল টিম কাজ করে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে শ্রীমঙ্গলে প্রেস ব্রিফিং করেছে র‌্যাব-৯ সিপিসি-২ শ্রীমঙ্গল।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং-এ র‌্যাব-৯ সিপিসি-২ শ্রীমঙ্গলের কোম্পানি কমান্ডার এএসপি আরিফুর রহমান গণমাধ্যমকর্মীদের জানান, নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মৌলভীবাজারের চারটি আসনের প্রতিটি ভোট কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত ও সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় র‌্যাবের ৮টি টহল টিম মাঠে নিরলসভাবে কাজ করছে। একটি সুষ্ঠু, সুন্দর এবং অবাধ নির্বাচনের লক্ষ্যে র‌্যাব নিবিড়ভাবে কাজ করছে। এর ধারাবাহিকতায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‌্যাব) সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বদ্ধপরিকর। মৌলভীবাজার জেলায় একটি সুষ্ঠু নির্বাচনি পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সিপিসি-২ শ্রীমঙ্গল র‌্যাব অবৈধ অস্ত্র উদ্ধার, শীর্ষ সন্ত্রাসী ও নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। এর ফলে অন্যান্য জেলার তুলনায় মৌলভীবাজারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো রয়েছে।
তিনি বলেন, মৌলভীবাজার জেলায় মোট চারটি নির্বাচনি আসন রয়েছে। র‌্যাব-৯ সিপিসি-২ শ্রীমঙ্গল প্রতিটি আসনে ২টি করে, সর্বমোট ৮টি টহল টিমের মাধ্যমে সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া প্রতিটি আসনে সাদা পোশাকে র‌্যাবের গোয়েন্দা টিমও দায়িত্ব পালন করছে। টহল ও গোয়েন্দা টিমের সদস্যরা নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী প্রশিক্ষণপ্রাপ্ত। র‌্যাব-৯-এর অধিনায়ক সার্বক্ষণিক দিকনির্দেশনা প্রদান করছেন। গত পরশু দিন র‌্যাব-৯-এর অধিনায়ক জেলার বিভিন্ন আসনের ভোট কেন্দ্র পরিদর্শন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন।
এএসপি আরিফুর রহমান আরও বলেন, “জেলা প্রশাসন, জেলা পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, আনসার ও গোয়েন্দা সংস্থাসহ সকলের সাথে সমন্বয় করে আমরা একটি টিমের মতো কাজ করছি। মৌলভীবাজার জেলার নির্বাচনি পরিবেশ সম্পূর্ণরূপে ভালো রয়েছে। আমরা জনগণকে আহ্বান জানাবো, ভোটাররা তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে কেন্দ্রগুলোতে আসুন এবং ভোট প্রদান করুন। ইনশাআল্লাহ, আমরা সকলে মিলে একটি সুষ্ঠু, সুন্দর এবং অবাধ নির্বাচন উপহার দেব।”
প্রেস ব্রিফিং-এ উপস্থিত ছিলেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসার, র‌্যাব সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা।

বর্তমান বাংলাদেশ

Link copied!