নীলফামারীর জলঢাকায় সিনিয়র সাংবাদিক মেহেদী হাসান (৪৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে পৌর এলাকার ডাকুরডাঙ্গায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে খাদ্যনালীর টিউমারজনিত জটিল রোগে ভুগছিলেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে বাসায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মেহেদী হাসান দৈনিক বাংলাবাজার পত্রিকায় দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করেছেন। পেশাগত জীবনে তিনি সাহসী ও অনুসন্ধানী প্রতিবেদনের জন্য এলাকায় পরিচিত ছিলেন। তার লেখনিতে স্থানীয় নানা অসঙ্গতি ও জনদুর্ভোগের বিষয় উঠে এসেছে, যা সচেতন মহলে প্রশংসিত হয়।
তিনি নীলফামারীর ডিমলা উপজেলার টুনিরহাট এলাকার মরহুম বুলবুল আলীর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জলঢাকা রিপোর্টার্স ইউনিটি। সংগঠনের পক্ষ থেকে এক শোকবার্তায় বলা হয়, “মেহেদী হাসান ছিলেন একজন মেধাবী, সৎ ও দায়িত্বশীল সাংবাদিক। তার মৃত্যুতে স্থানীয় সাংবাদিক অঙ্গনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।” নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

আপনার মতামত লিখুন :