ঢাকা বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দিনাজপুরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা র‍্যাব-১৩

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৫:২৬ পিএম

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দিনাজপুরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা র‍্যাব-১৩

ছবি: বর্তমান বাংলাদেশ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দিনাজপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে র‍্যাব-১৩।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর একাডেমি স্কুল ভোটকেন্দ্র পরিদর্শন শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‍্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবীর জানান, দিনাজপুর ক্যাম্পের আওতাধীন এলাকার সার্বিক ঝুঁকি পর্যালোচনা করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে র‍্যাব-১৩ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

র‍্যাব-১৩ সূত্রে জানা যায়, দিনাজপুর জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ৮৪৪টি ভোটকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে নিরাপত্তা জোরদারে ১২টি টহল দল, একটি বোম্ব ডিসপোজাল ইউনিট এবং সাদা পোশাকে র‍্যাব সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্বক্ষণিক মাঠে থেকে টহল কার্যক্রম তদারকি করবেন। যেকোনো অনভিপ্রেত ঘটনা মোকাবিলায় র‍্যাবের মোবাইল টিম প্রস্তুত থাকবে। নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিশ্চিত করা হবে নিশ্ছিদ্র নিরাপত্তা। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে আধুনিক ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে এবং প্রশিক্ষিত বোম্ব ডিসপোজাল টিম সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।

তিনি আরও জানান, র‍্যাব-১৩’র আধুনিক কন্ট্রোল রুম থেকে প্রতিটি টহল দলের লাইভ লোকেশন মনিটরিং করা হবে এবং প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক নির্দেশনা দেওয়া হবে। একই সঙ্গে মিডিয়া সেল সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনলাইন প্ল্যাটফর্মে গুজব ও অপতথ্য প্রতিরোধে কাজ করবে।

নিজস্ব গোয়েন্দা তথ্য, আধুনিক প্রযুক্তি এবং ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যেকোনো বিশৃঙ্খলা প্রতিরোধে র‍্যাব কাজ করবে উল্লেখ করে তিনি বলেন, জনগণ যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে র‍্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, মো. মনোয়ার হোসেন চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বর্তমান বাংলাদেশ

Link copied!