মৌলভীবাজারে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সাংগঠনিক কর্মকাণ্ডে অনিয়মের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বিএনপির আরও তিন নেতাকে দলের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার রাতে কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান ও যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আবুল হোসেন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
অব্যাহতি প্রাপ্ত নেতারা হলেন- শমশেরনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী মুকুল, মাধবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুক মিয়া এবং কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক গোলাম রব্বানী তৈমুর।
জেলা বিএনপির এক দায়িত্বশীল নেতা জানান, দলের শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
এ বিষয়ে অব্যাহতিপ্রাপ্ত নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
দলীয় সূত্র আরও জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিএনপি সাংগঠনিকভাবে আরও সতর্ক অবস্থানে রয়েছে এবং শৃঙ্খলার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না।

আপনার মতামত লিখুন :