ঢাকা মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

নিয়ামতপুরে দৈনিক গনকন্ঠ পত্রিকার ভুয়া কার্ডে শামীমের চাঁদাবাজি, ধরিয়ে দেওয়ার আহ্বান

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৮:২৬ পিএম

নিয়ামতপুরে দৈনিক  গনকন্ঠ পত্রিকার ভুয়া কার্ডে শামীমের চাঁদাবাজি, ধরিয়ে দেওয়ার আহ্বান

নওগাঁর নিয়ামতপুরসহ বিভিন্ন এলাকায় সাংবাদিকতার পরিচয় দিয়ে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ উঠেছে শামীম পারভেজ করিম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। নিজেকে ‘দৈনিক গণকণ্ঠ’ পত্রিকার নিয়ামতপুর প্রতিনিধি দাবি করলেও সংশ্লিষ্ট পত্রিকা কর্তৃপক্ষ জানিয়েছে, এই নামে তাদের কোনো সংবাদকর্মী নেই। ২০৩১ সাল পর্যন্ত মেয়াদ সংবলিত একটি ‘অবাস্তব’ আইডি কার্ড ব্যবহার করে এই প্রতারণা চালানো হচ্ছে।

স্থানীয় ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শামীম দীর্ঘদিন ধরে নিজেকে প্রভাবশালী সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি দপ্তর, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। বিশেষ করে নওগাঁর নিয়ামতপুর এলাকায় তার দৌরাত্ম্য চরমে পৌঁছেছে। সাংবাদিকতার দোহাই দিয়ে তিনি সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন বলে একাধিক অভিযোগ পাওয়া গেছে।

অনুসন্ধানে দেখা যায়, শামীম যে পরিচয়পত্রটি ব্যবহার করছেন, তাতে মেয়াদের সাল দেওয়া হয়েছে ২০৩১। এমন আজগুবি ও ভুয়া মেয়াদের কার্ড দেখে স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। খোঁজ নিয়ে জানা গেছে, তথাকথিত এই সাংবাদিকের নামে আজ পর্যন্ত কোনো গণমাধ্যমে একটি সংবাদও প্রকাশিত হয়নি। মূলত চাঁদাবাজিকেই তিনি পেশা হিসেবে বেছে নিয়েছেন।

এ বিষয়ে দৈনিক গণকণ্ঠ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। পত্রিকাটির পক্ষ থেকে জানানো হয়, "শামীম পারভেজ করিম আমাদের কেউ নন। গণকণ্ঠের নাম ভাঙিয়ে যারা এ ধরনের জঘন্য অপরাধ করছে, তাদের স্থান কারাগারে। এই প্রতারককে যেখানেই পাওয়া যাবে, তাকে ধরে পুলিশে দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি।"

পেশাদার সাংবাদিকদের সংগঠনগুলো এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে। স্থানীয় জ্যেষ্ঠ সাংবাদিকরা বলেন, "শামীমের মতো অপরাধীরা সাংবাদিকতার মতো একটি মহান পেশাকে কলঙ্কিত করছে। এদের কারণে সৎ ও নির্ভীক সংবাদকর্মীরা আজ জনসম্মুখে বিব্রত হচ্ছেন। প্রশাসনের উচিত অবিলম্বে এই ‍‍`হলুদ সাংবাদিক‍‍` ও চাঁদাবাজকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।"

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পেলে এই প্রতারকের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এই ভুয়া সাংবাদিকের প্রতারণার খবরটি এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

বর্তমান বাংলাদেশ

Link copied!