আইসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে চলমান অচলাবস্থা অবশেষে সমাধানের পথে যেতে পারে। বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের যে সিদ্ধান্ত পিসিবি নিয়েছিল, সেখান থেকে সরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে।
রোববার লাহোরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি), পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ ত্রিপক্ষীয় বৈঠকের পর বিষয়টি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের টেবিলে পৌঁছেছে বলে জানিয়েছে ‘ক্রিকবাজ’।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, দ্রুতই আইসিসি অথবা পিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা আগামী ১৫ ফেব্রুয়ারি, শ্রীলঙ্কার কলম্বোতে। হাতে এক সপ্তাহেরও কম সময় থাকায় সিদ্ধান্তে আর বিলম্ব হলে তা আত্মঘাতী হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ, সমর্থক ও অন্যান্য অংশীজনদের ভ্রমণ ও প্রস্তুতির জন্য সময় প্রয়োজন।
শোনা যাচ্ছে, বেশ কয়েকটি শর্তে পাকিস্তান ভারতের বিপক্ষে খেলতে রাজি হতে পারে। পিসিবি ও বিসিবি ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ পুনরায় শুরুর দাবি জানিয়েছে। পাশাপাশি, ভারত-পাকিস্তান এবং বাংলাদেশকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাবও আলোচনায় ছিল বলে জানা গেছে।
উল্লেখ্য, আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সিরিজের সূচি রয়েছে। তবে দুই দেশের বর্তমান কূটনৈতিক টানাপোড়েনের কারণে সিরিজটি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। সব সমস্যার জট খুলতে পারে এবার।

আপনার মতামত লিখুন :