ঢাকা মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

আজই সম্ভবত শেষ ব্রিফিং: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৯:০৪ পিএম

আজই সম্ভবত শেষ ব্রিফিং: প্রেস সচিব

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে প্রেস ব্রিফিং করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ সময় আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং বলে মন্তব্য করেন প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, গত ১৮ মাসে আমরা সব সময়ই নিউজ যত দ্রুত সম্ভব আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। প্রতিটি ঘটনার সঙ্গে সরকারের অবস্থান কী, তা আমরা আপনাদের জানিয়েছি।

প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে সব ধরনের তথ্য জানানো হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রধান উপদেষ্টার পেজে এমন কোনো নিউজ নেই, যেটা আমরা শেয়ার করিনি। পেজ ২০ কোটি বার ভিউ হয়েছে মিনিমাম, সবকিছু মিলিয়ে।

তিনি বলেন, প্রেস ব্রিফিংয়ে বেশিরভাগ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা হয়েছে। মাঝেমধ্যে বিভিন্ন সময় প্রেস কনফারেন্সের যত কোশ্চেন আপনাদের ছিল, সব কোশ্চেনই আমরা নিয়েছি।

প্রেস উইংয়ের আরেক সদস্য আজাদ মজুমদার বলেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করেছি, আপনাদের সহযোগিতা পেয়েছি। আগামী সপ্তাহে আশা করছি, আমরা টেবিলের ওপারে আপনাদের সঙ্গেই থাকব।

আরেক সদস্য ফয়েজ আহমদ বলেন, আমি সব সময় আপনাদের সঙ্গে বেশি ক্লোজ থেকেছি। সম্পূর্ণ পেশাদারির সঙ্গে কাজ করার চেষ্টা করেছি। নানা কারণে আমরা এক্সট্রা অর্ডিনারি অবস্থার মধ্যে দিয়ে গিয়েছি। আমাদের কোনো আচরণে আপনারা কষ্ট পেয়ে থাকলে আমরা সরি।

অন্তর্বর্তী সরকার যাত্রা শুরুর পর ২০২৪ সালের ১৩ আগস্ট প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব হিসেবে নিয়োগ পান বার্তা সংস্থা এএফপির বাংলাদেশ ব্যুরোপ্রধান শফিকুল আলম।

বর্তমান বাংলাদেশ

Link copied!