নেত্রকোনায় গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগদান করেছেন।
আজ সোমবার বিকেলে নেত্রকোনা জেলা প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে তারা এনসিপিতে যোগদান করেন।
এ সময় নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ।
এনসিপিতে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— গণঅধিকার পরিষদ নেত্রকোনা জেলা শাখার আহ্বায়ক মো. ফেরদৌস আহমেদ, সদস্য সচিব মুফতি তারিক জামিল ফয়েজী, যুগ্ম আহ্বায়ক মো. সাদেক হুসেন, যুগ্ম সদস্য সচিব মো. পারভেজ হাসান, পূর্বধলা উপজেলা আহ্বায়ক মো. জাহিদ হাসান কাঞ্চন, বারহাট্টা উপজেলা আহ্বায়ক মো. ওয়াসিম মীর শাওন।
এছাড়া শ্রমিক অধিকার পরিষদ নেত্রকোনা জেলা শাখার আহ্বায়ক মো. শফিউল্লাহ ও সদস্য সচিব (অবসরপ্রাপ্ত সেনা সদস্য) মো. শহিদুল্লাহ, সদর উপজেলা আহ্বায়ক মো. জালাল উদ্দীন, যুব অধিকার পরিষদের জেলা সভাপতি মো. রাজু রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাফায়াত হুসেন, প্রচার সম্পাদক মো. ওমর ফারুক রিপন, ছাত্র অধিকার পরিষদের সরকারি কলেজ শাখার সভাপতি মো. কাওসার আহমেদ, সহসভাপতি মো. আক্কাস উদ্দিন আকাশ এবং ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মো. জুয়েল রানা এনসিপিতে যোগ দেন।
অনুষ্ঠানে বক্তব্যে এনসিপির কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ বলেন,“দেশ আজ একটি নৈতিক ও জনবান্ধব রাজনৈতিক নেতৃত্বের সংকটে রয়েছে। জাতীয় নাগরিক পার্টি জনগণের অধিকার, ভোটাধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে রাজনীতি করছে। গণঅধিকার, যুব, শ্রমিক ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের এই যোগদান প্রমাণ করে—এনসিপির রাজনীতিতে মানুষের আস্থা বাড়ছে। আগামীর বাংলাদেশ গঠনে তরুণ ও সচেতন শক্তিকে সঙ্গে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।”
তিনি আরও বলেন, এনসিপি ক্ষমতার রাজনীতি নয়, বরং নাগরিক অধিকার ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থার জন্য রাজপথে সক্রিয় থাকবে।
নেতাকর্মীরা জানান, গণমানুষের অধিকার, সুশাসন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশা থেকেই তারা জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছেন।

আপনার মতামত লিখুন :