ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আমতলা বাজারে জামায়াতে ইসলামীর অফিসে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর সকালে উপজেলা জামায়াতের অফিসে উপজেলা জামায়াতে ইসলামীর আমির কবির হোসেন জরুরি সংবাদ সম্মেলনে করে। এ সময় তিনি অভিযোগ করে জানান, নির্বাচনী প্রতিহিংসার জেরে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে অফিসে আগুন দিতে পারে। তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
তবে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের ধারণা, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় অফিসের ভেতরে থাকা আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আপনার মতামত লিখুন :