ঝালকাঠির নলছিটিতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বিশ্বব্যাংকের সাবেক জ্যেষ্ঠ স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ, জেলার কৃতি সন্তান ড. জিয়া উদ্দিন হায়দার।
সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) নলছিটি মার্চেন্ট মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
সভায় ড. হায়দার বলেন, “বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। এ দেশের জনগণকে এগিয়ে নিতে হলে রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি স্বাস্থ্য, কৃষি ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা জরুরি। ঝালকাঠির মানুষও সেই অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।”
তিনি দেশের স্বাস্থ্য ও পুষ্টি খাতের উন্নয়ন, কৃষির টেকসই অগ্রগতি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সাংবাদিকরা নলছিটি ও আশপাশের এলাকায় স্বাস্থ্যসেবা সংকট, কৃষকের ন্যায্যমূল্য, শিক্ষার অব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষিজ ক্ষতি—এসব সমস্যা তুলে ধরেন। ড. হায়দার এসব বিষয়ে সমাধানমুখী পরামর্শ দেন এবং বলেন, “সুস্থ সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের সমস্যা তুলে ধরা ও জনসচেতনতা বৃদ্ধি করা একটি বড় দায়িত্ব।”
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা তার মতামতকে স্বাগত জানান এবং তার অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার আশা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন :