ঢাকা মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিভাগীয় পরিচালক

গ্রামীণ স্বাস্থ্যসেবা জোরদারে পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১১:১০ পিএম

গ্রামীণ স্বাস্থ্যসেবা জোরদারে পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ

ছবি: বর্তমান বাংলাদেশ।

গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মোহাঃ হাবিবুর রহমান। সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে স্বাস্থ্যসেবার সার্বিক কার্যক্রম সরেজমিনে পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে বিভাগীয় পরিচালক বহির্বিভাগ, অন্তর্বিভাগ, জরুরি বিভাগ, ওষুধ সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থা, মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা কার্যক্রম, ল্যাবরেটরি সেবা, পরিচ্ছন্নতা ব্যবস্থা এবং রোগীদের সামগ্রিক সেবা পরিস্থিতি ঘুরে দেখেন। এ সময় তিনি চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সঙ্গে সরাসরি কথা বলে সেবার মান ও প্রাপ্ত সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন।

এছাড়া চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন ডা. মোহাঃ হাবিবুর রহমান। তিনি স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে পেশাদারিত্ব, দায়িত্বশীলতা এবং সময়ানুবর্তিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিদ্যমান সীমাবদ্ধতা চিহ্নিত করে তা নিরসনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে বিভাগীয় পরিচালক বলেন,
“গ্রামীণ পর্যায়ে সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে আরও কার্যকর করতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিকভাবে কাজ করতে হবে।”

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) রাজশাহী বিভাগীয় প্রধান ডা. কামরুজ্জামান, নওগাঁ জেলা সিভিল সার্জন ডা. মোঃ আমিনুল ইসলাম, মান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মোহাঃ আনোয়ারুল ইসলাম এবং উপজেলা আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাসনিম হোসাইন আরিফ।

নওগাঁ জেলা সিভিল সার্জন ডা. মোঃ আমিনুল ইসলাম বলেন,
“মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে যেসব সীমাবদ্ধতা রয়েছে, সেগুলো চিহ্নিত করা হয়েছে। এসব সমস্যা সমাধানে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক, নার্স এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের নিয়মিত পরিদর্শন ও দিকনির্দেশনা উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার গুণগত মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বর্তমান বাংলাদেশ

Link copied!